ঢাবির কলাভবন থেকে পড়ে শ্রমিক নিহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে রং করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. ইলাহী (১৯)। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায় বলে জানা গেছে।
নিহত ইলাহীর কয়েকজন সহকর্মী জানান, তাঁরা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছয়তলার বাইরের দেয়ালে মই বেঁধে রং করছিলেন। অতিরিক্ত গরমের কারণে হঠাৎ ইলাহী মাথা ঘুরে মই থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে ইলাহীর মৃত্যু হয়।
ইলাহীর সহকর্মীরা আরো জানান, তাঁরা ২৫ থেকে ৩০ জন শ্রমিক বেশ কয়েক দিন ধরে কাজ করছেন। কলাভবনেই থাকেন তাঁরা। এখনো কাজ চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ইলাহীর লাশ মর্গে রাখা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা