ইবি শিক্ষকের বিরুদ্ধে ইউজিসির তদন্ত কমিটি
শিক্ষক নিয়োগ-বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রুহুল আমীনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ইউজিসি থেকে এ-সংক্রান্ত একটি ফ্যাক্সবার্তা পাঠানো হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ এ তথ্য জানিয়েছেন।
গত ২ এপ্রিল একটি জাতীয় দৈনিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ- বাণিজ্যের অডিও ফাঁস ‘থ্রি ফার্স্ট ক্লাসে ১৫ লাখ টাকা, ফোরে ১২’ এই শিরোনামে প্রকাশিত সংবাদের তদন্ত করার ইউজিসি দুই সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করে।
কমিটিতে ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম শাহ নেওয়াজ আলীকে আহ্বায়ক ও ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক খন্দকার হামিদুর রহমাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২ এপ্রিল সংবাদটি প্রকাশিত হওয়ার পর ওই শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
পরে কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কমিটিতে কণ্ঠস্বর ও আইন বিশেষজ্ঞ আরো দুই সদস্য নিয়োগ দেওয়া হয়। গঠিত কমিটি তদন্ত শেষে গত ৬ মে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর কাছে প্রতিবেদন জমা দেয়। তবে প্রতিবেদনে কী উল্লেখ করা হয়েছে তা এখনো জানা যায়নি।

ইবি সংবাদদাতা