ইডেন কলেজ বহ্নিশিখার সভাপতি প্রাপ্তি, সম্পাদক কামরুন নাহার
ইডেন মহিলা কলেজের নারী অধিকারবিষয়ক সংগঠন ‘বহ্নিশিখা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে প্রতিভা মোস্তফা প্রাপ্তি এবং সাধারণ সম্পাদক হিসেবে কামরুন নাহার মৃধা নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির প্রধান সমন্বয়ক আলমগীর কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে মাহাবুবা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাতী নূর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুমাইয়া সুহা দায়িত্ব পেয়েছেন।
এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক নাসরিন বেগম, অধ্যাপক রিতা হালদার ও অধ্যাপক রুনুসহ ইডেন মহিলা কলেজের বেশ কয়েকজন অভিজ্ঞ শিক্ষক।
নবনির্বাচিত সভাপতি প্রতিভা প্রাপ্তি বলেন, ‘বহ্নিশিখাকে আরও সমৃদ্ধ ও সক্রিয় নারী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন নতুন উদ্যোগ নেওয়া হবে। আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে চাই, যেখানে নারীরা তাদের পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারবেন।’
বহ্নিশিখা দীর্ঘদিন ধরে ইডেন কলেজে কারাতে প্রশিক্ষণ ও নারী অধিকার সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এটি মূলত পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েস’-এর একটি অঙ্গ সংগঠন।

এনটিভি অনলাইন ডেস্ক