ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষে ভর্তির জন্য অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি ছাত্রসংগঠন।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ভেতরে উপাচার্য দপ্তরের সামনে বিক্ষোভ করে সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা উপাচার্যের দপ্তরের সামনের দুটি গেটের তালা ভেঙে ফেলেন। বিক্ষোভে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২০ অক্টোবর ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের ইংরেজি অংশ ফাঁস হওয়ার অভিযোগ উঠে। ফাঁস হওয়া একটি প্রশ্নের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের ইংরেজি অংশের ২৫টি প্রশ্নের মধ্যে ২৪টি মিল পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে রোববার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে উপাচার্য দপ্তরের সামনে আসেন বাম সংগঠনগুলো। এ সময় দুটি গেট বন্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে উপাচার্য এসে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস বলেন, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই তাঁরা ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছেন।
ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘পরীক্ষা শেষে আমরা প্রশ্ন ফাঁসের বিষয়টি জানতে পেরেছি। একটি দুষ্টু চক্র বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা বিষয়টির কঠোরভাবে তদন্ত করছি। যারা এ কাজে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা