নিজস্ব ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে ঢাবি অধিভুক্ত ৭ কলেজে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা ওয়েবসাইট খোলা হয়েছে। এ ওয়েবসাইট ব্যবহার করে ভর্তির আবেদন করতে পারবেন তারা।
বুধবার বিকেলে আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ওয়েবসাইটের উদ্বোধন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭টি সরকারী কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়াও উদ্বোধন করেন তিনি।
২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা (www.7college.du.ac.bd) ওয়েবসাইট ব্যবহার করে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ১৪ নভেম্বর ২০১৭ মঙ্গলবার পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ওয়েবসাইট থেকে পে-স্লিপ নিয়ে ভর্তি পরীক্ষার ফি বাবদ সোনালী ব্যাংকের অনলাইনে ৪০০/-(চারশত) টাকা জমা দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সাত কলেজ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল, সোনালী ব্যাংকের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর ২০১৭ শুক্রবার, বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর শনিবার এবং বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১৬ হাজার ৯শ’, বাণিজ্য ইউনিটের অধীনে ৮ হাজার ৭শ’ ৮৫ এবং বিজ্ঞান ইউনিটের অধীনে ৮ হাজার ৬শ’টি আসন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী ৭টি কলেজ হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা