রাজশাহী মেডিকেলের শিক্ষার্থীকে ছুরিকাঘাত, দোকানপাট ভাঙচুর
শক্রতার জের ধরে স্থানীয়দের ছুরিকাঘাতে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শেষ বর্ষের শিক্ষার্থী ধীমান ঘোষ গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বিলসিমলা বন্ধগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ধীমানকে রামেক হাসপাতালে জরুরি অস্ত্রোপচার করা হয়। তাঁকে ছুরিকাঘাতের খবর পেয়ে মেডিকেল কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই এলাকায় হামলা চালিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে ধীমান ঘোষ বিলসিমলা এলাকায় প্রাইভেট পড়াতে যান। পড়ানো শেষ করে রামেকে ফেরার সময় বিলসিমলা বন্ধগেট এলাকার ভ্যারাইটি স্টোরের দোকানি মিন্টুর ছেলে সওদাগর তাঁর পেটের বাম দিকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ধীমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার খবর পেয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাঁরা বন্ধগেট এলাকায় গিয়ে কয়েকটি দোকান ভাঙচুর করেন। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ধীমানকে ছুরিকাঘাতকারীকে আটকের চেষ্টা চলছে।
গত ১৭ ডিসেম্বর রাজশাহী মহানগরীর বিলসিমলা বন্ধগেট এলাকায় রামেক শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় দোকানিদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় কনফেকশনারির দোকানসহ কয়েকটি দোকানে রামেকের শিক্ষার্থীরা নিয়মিত কেনাকাটা করেন। সেখানে মিন্টু নামের এক ব্যক্তির কনফেকশনারির দোকানে কেনাকাটাকে কেন্দ্র করে ১৭ ডিসেম্বর বিকেলে রাব্বি নামের এক মেডিকেল শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ হয়।

শ. ম সাজু, রাজশাহী