জাবি শিক্ষক সমিতির কর্মবিরতির ঘোষণা
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতিগুলো পূরণ ও অসঙ্গতি দূরীকরণের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামীকাল সোমবার থেকে ২ জানুয়ারি পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
রোববার দুপুরে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বলেন, রোববার শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম, পরীক্ষা ও শিক্ষক সমিতির নির্বাচনী কার্যক্রম এর আওতার বাইরে থাকবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আগামী ২ জানুয়ারি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রীকে দেওয়া পত্রের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি-দাওয়া পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আগামী ৩ জানুয়ারি জাবি শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দাবি পূরণ না হলে জাবি শিক্ষক সমিতি পৃথকভাবে আন্দোলনের ঘোষণা দেবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দীন।

জাবি প্রতিনিধি