জাবিতে ষষ্ঠ দিনে শিক্ষকদের কর্মবিরতি
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতিগুলো পূরণ ও অসঙ্গতি দূর করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
সমিতির ডাকে সোমবার থেকে শুরু হওয়া ছয় দিনের এ কর্মবিরতির ষষ্ঠ দিনে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়নি।
ক্লাসের পাশাপাশি অধিকাংশ বিভাগে পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল খুবই কম।
কর্মসূচির বিষয়ে জানতে চাইলে জাবি শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন সাংবাদিকদের বলেন, আজকের (শনিবার) মধ্যে তাঁদের দাবি মানতে হবে। অন্যথায় আগামীকাল রোববার শিক্ষক সমিতির সাধারণ সভায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে গত রোববার দুপুরে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতি ঘোষণা দেয় শিক্ষক সমিতি। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বলেন, রোববার শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম, পরীক্ষা ও শিক্ষক সমিতির নির্বাচনী কার্যক্রম এর আওতার বাইরে থাকবে।

জাহিদুর রহমান