জাবির ৩ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে শিক্ষকের অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে ছাত্রী নিপীড়ন, নির্যাতন ও লাঞ্ছনার ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহার কাছে এ অভিযোগ জমা দেন তিনি। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন মো. আবু সাদাত সায়েম (সরকার ও রাজনীতি বিভাগ, ৪০তম ব্যাচ), জামশেদ আলম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪৩তম ব্যাচ) ও জাহিদুল ইসলাম (বাংলা বিভাগ, ৪৩তম ব্যাচ)। এ ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
লিখিত অভিযোগে অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চৌরঙ্গীর মোড়ে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী কর্তৃক বহিরাগত এক ছাত্রী নিপীড়ন ও তাঁর বন্ধু মারধরের শিকার হন। ওই ঘটনা থামাতে গেলে ছাত্রলীগের ওই তিন কর্মী আমাকে লাঞ্ছিত করেন।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তিন ছাত্রলীগ কর্মী জানান, বহিরাগতরা আমাদের সঙ্গে অশালীন আচরণ করলে আমরা শুধু ছেলেটিকে কয়েকটি চড়-থাপ্পড় দিয়েছি। মেয়ের সঙ্গে আমরা কোনো খারাপ আচরণ করিনি। এ সময় ওই শিক্ষক আমাদের ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেওয়ায় আমরা তাঁর পরিচয় জানতে চাই। শিক্ষক পরিচয় পাওয়ার পর আমরা কিছু বলিনি। সেখানে শিক্ষক লাঞ্ছনার মতো কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে ‘গালি দেওয়ার’ কথা অস্বীকার করে অধ্যাপক মোজাহিদুল ইসলাম বলেন, ‘আমি একজন শিক্ষক, গালি দেওয়ার প্রশ্নই আসে না।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই প্রক্টরিয়াল বডির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে এবং এ নিয়ে কাজ চলছে।

আহসান হাবীব, জাবি