জাবিতে কাল থেকে ‘বাংলাদেশ পরিকল্পনা ও গবেষণা সম্মেলন’
‘উন্নয়নশীল দেশের প্রেক্ষিতে পরিকল্পনা ও উন্নয়ন’—এ প্রতিপাদ্য সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ পরিকল্পনা ও গবেষণা সম্মেলন-২০১৬’।
বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে আগামীকাল শুক্রবার শুরু হবে এ সম্মেলন। শেষ হবে পরদিন শনিবার।
গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক ও বিভাগীয় সভাপতি ড. এম শফিক-উর রহমান। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ড. এম শফিক-উর রহমান জানান, দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আসা ৩০ জন ডেলিগেটসহ প্রায় ২০০ গবেষক অংশ নেবেন। তাঁরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা ও উন্নয়ন-সংক্রান্ত শিক্ষা, গবেষণা এবং কারিগরি ক্ষেত্রে কর্মরতদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়বস্তু নগর প্রেক্ষাপট, যোগাযোগব্যবস্থা, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, স্থানীয় সরকারব্যবস্থা, টেকসই প্রাকৃতিক ব্যবস্থা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, পরিকল্পনায় আইসিটির ভূমিকা। সম্মেলনের দুটি সেশনে ৮৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। এ সম্মেলনে বিভিন্ন বিষয়ের ওপর গবেষণাপত্রগুলো আলাদাভাবে প্রকাশিত হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, জেনারেল ইকোনমিক ডিভিশনের অধ্যাপক শামসুল আলমসহ অন্যরা।

জাবি প্রতিনিধি