ছাত্রলীগের ৩ কর্মীকে জাবি থেকে বহিষ্কারের সুপারিশ
এক ছাত্রীকে যৌন নিপীড়ন এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের তিন কর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সুপারিশ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বক্কর সিদ্দিক।
এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অধ্যাপক ড. এস এম বদিয়ার রহমানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছাত্রলীগের অভিযুক্ত ওই তিন কর্মী হলেন আবু সাদাত মো. সায়েম (সরকার ও রাজনীতি বিভাগ, ৪০তম ব্যাচ), মো. জামশেদ আলম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ৪৩ তম ব্যাচ) ও জাহিদ হাসান (বাংলা বিভাগ, ৪৩তম ব্যাচ)। একই অভিযোগে এর আগে তাঁদের জাবি শাখা ছাত্রলীগ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
ওই ছাত্রলীগকর্মীদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলো হলো; একজন ছাত্রীকে যৌন নিপীড়ন, একজন শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন এবং নিবৃত্ত করতে গেলে একজন শিক্ষককে লাঞ্ছনা।
ছাত্রলীগের ওই তিন কর্মী গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও তাঁর সঙ্গে থাকা ছেলেকে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁরা ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলামকে লাঞ্ছিত করেন।

জাহিদুর রহমান