ঢাবির ইতিহাসই বাংলাদেশের ইতিহাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষার জন্য, স্বাধীনতার জন্য এবং বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে রক্ত দিয়ে যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস তথা বাংলাদেশের ইতিহাস।’
আজ বুধবার ঢাবির টিএসসি মিলনায়তনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাবির বিজ্ঞান, ফর্মেসি এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপাচার্য নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষাই আলো, আর এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র। এই মন্ত্র নিয়ে শ্রেণিকক্ষের ভালো ফলাফলের সাথে সাথে তোমরা পরিপূর্ণ ও আলোকিত মানুষ হও, এটাই আমাদের সবার প্রত্যাশা।’
তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং ঐতিহ্য ধারণ ও বহন করে সততা ও মনুষ্যত্বের শিক্ষায় সুশিক্ষিত হয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান উপাচার্য।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক শাহীন ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টারা।
নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মনিরা নুসরাত ও কাজী আরিফুর রহমান।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা