‘উন্নত জাতি নিজেদের ভাষায় বিজ্ঞান চর্চা করে’
উন্নত জাতি নিজেদের ভাষায়ই বিজ্ঞান চর্চা করে। বাংলা ভাষায় বিজ্ঞানের বই লেখা ও অনুবাদ করা হলে বিজ্ঞান চর্চায় দেশ অনেক দূর এগিয়ে যাবে।
আজ মঙ্গলবার ‘প্রতিবেশীকে জানুন’ শীর্ষক জনজীবন ভাষা ও সংস্কৃতিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে শিকদার মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিন দিনব্যাপী এ সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। সকাল ১০টায় কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আবুল হোসেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও গণবিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় গণবিশ্ববিদ্যালয়ে।
চীন, রাশিয়া, জার্মানি ও জাপানসহ বিশ্বের উন্নত জাতিগুলোর দৃষ্টান্ত টেনে সম্মেলনের শিক্ষা ও মাতৃভাষা সেশনে শিকদার মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. হাফিজ উদ্দিন আহমেদ তাঁর প্রবন্ধে বলেন, ‘উন্নত জাতিগুলো তাদের নিজেদের ভাষায়ই বিজ্ঞান চর্চা করে। আমাদের দেশের শিক্ষার্থীরা ওই সব দেশে পড়ালেখা করতে গেলে প্রথম ছয় মাস তাদের ভাষা শিখতে হয়। বাংলায় চিকিৎসা শাস্ত্রের বই লেখা ও অনুবাদ করা হলে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাবে। অনেক সময় দেখা যায় পরীক্ষার সাক্ষাৎকারে আমাদের শিক্ষার্থীরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না ইংরেজিতে প্রশ্ন করার কারণে। অথচ বাংলায় প্রশ্ন করলে দেখা যেত তারা সে প্রশ্নের উত্তর জানে।’
বাংলা ভাষায় চিকিৎসা বিজ্ঞানের বই লেখা ও অনুবাদ করা কঠিন কিছু নয় দাবি করে হাফিজ উদ্দিন আরো বলেন,‘এর জন্য আমাদের শিক্ষকদের ত্যাগ স্বীকার করতে হবে এবং সরকারকে এ কাজে এগিয়ে আসতে হবে।’
‘বিদেশি ভাষাই শিক্ষা বিস্তারের জন্য প্রতিবন্ধক’ রবীন্দ্রনাথ ঠাকুরের এ উদ্ধৃতি উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘মাতৃভাষায় শিক্ষা দান করা হলেই কেবল ভাষার জন্য আমাদের শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।’
সম্মেলনে গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের সমন্বয়কারী ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আগামীকাল তৃতীয় দিন সম্মেলনের সমাপনী অধিবেশন গণবিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এ সম্মেলনের প্রথম ও দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আগত কবি, সাহিত্যিক, শিল্পী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাঁদের প্রবন্ধ উপস্থাপন করেছেন। সোমবার শুরু হওয়া এ সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি গণ বিশ্ববিদ্যালয়ে, মঙ্গলবার দ্বিতীয় দিনের কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং বুধবার শেষ দিনের কর্মসূচি গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

জাবি সংবাদদাতা