জাবি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যালামনাইদের অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের উন্নয়ন, সদস্যসেবা এবং তথ্যপ্রযুক্তি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, দাতা ও তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখা সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তাদের সহযোগিতা ও অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী দিনের কর্মপরিকল্পনার রূপরেখা নির্ধারণ করা হয়।
পরে সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. গোলাম মাওলা পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি–১ নজমুল মোমিন, সহ-সভাপতি–২ মো. নুমান বিজন, সহ-সভাপতি–৩ মো. এম. জে. এফ. পম (বাবলা), সাধারণ সম্পাদক এস. এম. গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম শোভন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে অ্যালামনাই সদস্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, পেশাগত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

এনটিভি অনলাইন ডেস্ক