রাবিতে প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হলের প্রাধ্যক্ষের কক্ষের দরজা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেল ৪টার দিকে ওই হলের প্রাধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মতিহার হলের গার্ড জসিমউদ্দিন বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে আমি বাইরে হঠাৎ জোরে শব্দ শুনতে পাই। গিয়ে দেখি প্রাধ্যক্ষের কক্ষের দরজার ছিটকনি ভেঙে গেছে। দরজা কে ভেঙেছে তা দেখিনি। পরে পুলিশ এসে দরজায় তালা দিয়ে দিয়েছে।’
‘তবে ওই সময় আমি এই হলের গিয়াসউদ্দিনকে দেখেছি। সঙ্গে আরো একজন ছিল, তবে তার নাম আমার জানা নেই’, যোগ করেন গার্ড।
গিয়াসউদ্দিন মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে চাইলে গিয়াসউদ্দিন বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। প্রাধ্যক্ষের কক্ষ রাস্তার পাশে। কে বা কারা দরজা লাথি দিয়ে ভেঙে রেখে গেছে তার দায় ছাত্রলীগ নেবে না।’
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ ড. মু. আলী আসগর বলেন, ‘গার্ড আমাকে ভাঙচুরের ব্যাপারটি জানিয়েছে।’

রাবি সংবাদদাতা