ঢাবির তিন শতাধিক শিক্ষার্থী পেল ডিনস্ অ্যাওয়ার্ড
বিভিন্ন শিক্ষাবর্ষে বিবিএ সম্মান এবং এমবিএ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত আটটি বিভাগের তিন শতাধিক শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষদের বিভাগীয় চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষে নয়, শিক্ষার্থীদের সমাজ, ইতিহাস, প্রকৃতি ও পরিবেশ থেকে শিক্ষা নিতে হবে। লেখাপড়ায় সর্বোচ্চ জিপিএ পাওয়ার সঙ্গে সঙ্গে সততা, দেশপ্রেম, মনুষ্যত্ব ও মানবতায়ও ছাত্রছাত্রীদের সর্বোচ্চ জিপিএ পেতে হবে।

ঢাবি সংবাদদাতা