জঙ্গি হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন
দেশে জঙ্গি হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জাবির উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। ছবি : এনটিভি
দেশের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশি নাগরিকদের স্মরণ করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। তিনি বলেন, জঙ্গিবাদ দমন করতে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান ফারজানা ইসলাম।
মানববন্ধন কর্মসূচির সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

জাহিদুর রহমান