ইবিতে শিক্ষার্থীদের হয়রানি না করার দাবি শিক্ষক সমিতির
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পুলিশের হয়রানি না করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্ল্যাহ।
সংবাদ সম্মেলনে অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ‘প্রায় ২০ দিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শূন্য রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য আবদুল হাকিম সরকারকে অব্যাহতি দেওয়ার পর থেকে এ পদ শূন্য রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আর্কষণ করে বলছি অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হোক।’
এমতাজ হোসেন আরো বলেন, ‘উপাচার্য পদটি শূন্য থাকায় আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। যেকোনো সময় ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতি দ্রুত উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়সহ মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি কামনা করছি।’
ছাত্র হয়রানি না করার বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়টি যেহেতু সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় নয় তাই শিক্ষার্থীদের একটি বড় অংশকে কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার আশপাশের মেসগুলোতে থাকতে হয়। পুলিশের হয়রানির কারণে তারা মেসগুলোতে আতঙ্কে রয়েছে। তারা যাতে নিরাপদে ক্যাম্পাসে আসতে পারে এবং নিরপরাধ শিক্ষার্থীদের পুলিশি হয়রানি না করার জন্য আহ্বান জানাই। সেই সঙ্গে গুলশান ও শোলাকিয়া হামলার ঘটনায় জড়িত জঙ্গিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি শহীদ মুহাম্মদ রেজওয়ান, যুগ্ম সম্পাদক ড. মো. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যাক্ষ ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. আবুল বারাকাত মো. ফারুক, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. নুরুন নাহার প্রমুখ।
গুলশান হামলায় নিহত জঙ্গি নিব্রাস ইসলাম কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা বলে ঝিনাইদহের একটি বাসা মেস হিসেবে ভাড়া নিয়েছিল।

ইবি সংবাদদাতা