মাদক মুক্তের শপথ নিয়ে জাবিতে ছাত্র সংগঠনের যাত্রা
বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসকে মাদকমুক্ত করার শপথ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যাত্রা শুরু করেছে ‘মাদকবিরোধী সচেতন ছাত্র সংগঠন’।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে পায়রা উড়িয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জেবউননেছা জেবা।
সংগঠনের উদ্যোগে সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে আয়োজন করা হয় মাদকবিরোধী আলোচনা সভার। এ সময় উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
আলোচনা সভার পর আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, ‘লক্ষ্য করলে দেখা যায়, সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে শুরু হয় মাদকের আড্ডা। ছাত্রছাত্রী তথা আমাদের তরুণ সমাজ জাতির বড় সম্পদ। তারা বড় হয়ে নিজেদের মেধা ও চরিত্র দিয়ে দেশকে অনেক কিছু দেবে, যা জাতিকে উচ্চ শিখরে নিয়ে যাবে- এটাই আমাদের স্বাভাবিক প্রত্যাশা।’
এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সংগঠনটির আত্মপ্রকাশ।
এর আগে আলোচনা সভায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বিষয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সহকারী অধ্যাপক জেবউননেছা, জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত, বিএনসিসির মুতাসিম বিল্লাহ বাকী, জাবি লিও ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, পথ শিশুদের সংগঠন তরীর সভাপতি শফিকুল ইসলাম সাকিব, ধ্বনির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আকাশ।

জাবি সংবাদদাতা