পাঠাগারে জায়গা না পেয়ে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
পাঠাগারে বসার জন্য জায়গা না পেয়ে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা পাঠাগারের ভিতরে আসন সংখ্যা বাড়ানো, জেনারেটরের ব্যবস্থা করা ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার (এসি) দাবি জানান।
আজ মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরির সামনে এ বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানায়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য দুটি পাঠাগার রয়েছে। এর মধ্যে সায়েন্স লাইব্রেরি একটা। সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই বেশি লেখাপড়া করে। পাঠাগারের নিচ তলায় তিনটি কক্ষ রয়েছে। সেগুলোতে বিশ্ববিদ্যালয়ের দুটি বিভাগ গত ১৩ বছর ধরে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করছে। ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পাঠাগারেও শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যায়। এতে করে শিক্ষার্থীদের পড়ার জায়গায় দেখা দেয় বড় ধরনের সংকট। তাই এই কক্ষ তিনটি ফিরে পাওয়ার জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের শিক্ষার্থী মিলন বলেন, ‘আমরা পাঠাগারে পড়তে এলে জায়গা পাই না। এতে করে আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।’ এ সময় তিনি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত তিনটি কক্ষ শিক্ষার্থীদের ‘রিডিং রুম’ বানানোর দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে গ্রন্থাগারিক জাভেদ আহমেদ বলেন, ‘আমি বিষয়টি শুনে সেখানে গিয়েছিলাম। বিক্ষোভকারীদের কথা শুনেছি। শিগগিরই আমরা এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেব।’

ঢাবি প্রতিনিধি