দুই মাস পর খুলল ব্রিটিশ কাউন্সিল
দুই মাস বন্ধ থাকার পর আজ সোমবার থেকে ফের চালু হয়েছে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের সব কার্যালয়। এর মাধ্যমে ব্রিটিশ কাউন্সিলের যত কার্যক্রম ও পরিষেবা আছে, সেসবও পুনরায় শুরু হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কাউন্সিল জানায়, বিবিধ সংস্কারকাজের জন্য সাময়িক বন্ধের পর চট্টগ্রাম, সিলেট ও ঢাকার কার্যালয়ে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত ব্রিটিশ কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পিয়ারসন এডএক্সেল এক্সামিনেশনস জানুয়ারি ২০১৭-এর সেশনের জন্য নিবন্ধন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। শেষ হবে আগামী ১৩ অক্টোবর। স্কুল থেকে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবে।
এ ছাড়া প্রাইভেট ক্যান্ডিডেট যারা আছে, তারা তাদের ওয়েবসাইট www.britishcouncil.org.bd-এ গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও দিনাজপুরের সব পরীক্ষার্থীর জন্যই এই সেবা দিয়ে যাবে ব্রিটিশ কাউন্সিল।
অক্টোবর ও নভেম্বর ২০১৬-এর আইইএলটিএসের তারিখগুলো এখন উন্মুক্ত। আইইএলটিএসের প্রার্থীরা অনলাইনে ielts.britishcouncil.org এই লিংকটির মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষাশিক্ষার চতুর্থ টার্ম শুরু হবে আগামী ১২ অক্টোবর। শিক্ষার্থীরা অনলাইনে লেভেল টেস্টের জন্য নিবন্ধন করতে পারবেন। এ জন্য তারা ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ টিচিং সেন্টারগুলোতে ইংরেজি শিক্ষার কোর্সের জন্য নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের সব ব্যবসায় প্রশিক্ষণ কার্যক্রম ও কর্মশালা অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক