সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা সাড়ে সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ এবং ‘পূজা উদযাপন পরিষদ’ যৌথভাবে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, সরকার হয়তো মন্দির গড়ার জন্য টাকা দেবে। কিন্তু মন গড়ার জন্য দরকার উপযুক্ত পরিবেশ দরকার। যেহেতু এই সরকার অসাম্প্রদায়িকতার কথা বলে তাই সরকারের কাছে আহ্বান জানিয়ে তাঁরা জড়িতদের খুঁজে বের করতে বলেন। দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নারায়ণ সাহার সভাপতিত্বে ও সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সঞ্জয় চন্দের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, অর্থনীতি বিভাগের প্রভাষক প্লাবন সাহা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা রাশেন্দ্র দাস, সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক সভাপতি রানা প্রতাপ।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের ছাতক, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির-প্রতিমা ভাঙচুর, বাড়িঘর লুটপাট করা হয়।

শাবিপ্রবি সংবাদদাতা