ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল খুবি শিক্ষার্থী মৌমিতার
খুলনা মহানগরীতে ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে খুলনা জেলা পরিষদ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। মৌমিতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি স্থানীয় মুন্সিপাড়া এলাকার তরুণ হালদারের মেয়ে।
খুলনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মৌমিতা তার বাবার সঙ্গে রিকশাযোগে জেলা পরিষদ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী ইজিবাইক তাদের রিকশাকে সজোরে ধাক্কা দিলে মৌমিতা ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে খুলনা সদর হাসপাতাল ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মৌমিতার ছোট ভাই জানান, দুর্ঘটনার পর তার বাবা ফোন করে ঘটনাটি জানান। রিকশায় থাকা অবস্থায় পেছন থেকে ইজিবাইকের ধাক্কায় বাবা ও দিদি (বোন) দুজনেই পড়ে যান। বাবার হাতে সামান্য আঘাত লাগলেও মৌমিতার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আইন ডিসিপ্লিনের মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মৌমিতা হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এক শোকবার্তায় তিনি নিহতের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ মাহমুদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা