রক্তাক্ত অবস্থায়ও সেবা মেলেনি, রাবি চিকিৎসা কেন্দ্রে শিক্ষার্থীদের তালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আহত এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শাহরুখ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে আহত শিক্ষার্থী শাহরুখ হোসেন বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসে অবস্থান করছেন।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে গুরুতর আঘাত পান শাহরুখ। সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে কোনো প্রাথমিক চিকিৎসা না দিয়ে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে বিকেলে ওই বিভাগের শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্রে জড়ো হন এবং ফটকে তালা ঝুলিয়ে দেন। প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসা কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় ছিল।
আন্দোলনরত শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর ঠোঁট দিয়ে অনবরত রক্ত ঝরছে, অথচ ডাক্তাররা শুধু মুখে একটু টিস্যু দিয়ে তাকে মেডিকেলে পাঠিয়ে দিলেন। যদি তারা ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দিতে না পারেন, তবে এই মেডিকেল সেন্টার রাখার কোনো প্রয়োজন নেই। আমরা এর স্থায়ী সমাধান ও চিকিৎসকদের জবাবদিহিতা চাই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তাদের অভিযোগগুলো আমরা শুনেছি। আশা করছি দ্রুতই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা সম্ভব হবে।
চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন। তবে বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে কথা হয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত তালা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়