কুবিতে দুই পক্ষের মারামারিতে আহত ১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে মেসেঞ্জার গ্রুপের বার্তাকে কেন্দ্র করে প্রোভোস্টের কক্ষের বাইরে শিক্ষার্থীদের মারামারিতে মারুফ হোসাইন নামে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর মাথা ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিনগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেসেঞ্জার গ্রুপে ‘জেসিডি’ লেখা নিয়ে প্রথমে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ঘটনাটি সমাধানের লক্ষ্যে হল প্রোভোস্ট তার কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রাধ্যক্ষ কয়েকজন শিক্ষার্থীকে রুম থেকে বের হয়ে যেতে বলেন। কক্ষের বাইরে বের হওয়ার পরপরই কথা কাটাকাটির জেরে মারুফ হোসাইনের ওপর আক্রমণ চালান ইলিয়াস ও হুমায়ুন। তাদের আঘাতে মারুফের মাথায় জখম হয়।
কাজী নজরুল ইসলাম হলের প্রোভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সমাধানের জন্য আলোচনায় বসা হলেও একপর্যায়ে প্রোভোস্ট কক্ষের বাইরে এসে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং হল প্রশাসন আলোচনা করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ফরহাদ হিমু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়