কুমিল্লা বোর্ডে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ডের প্রকাশিত ফলাফলে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
শতভাগ অকৃতকার্য হওয়া বা শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাভেদ হাই স্কুল অ্যান্ড কলেজ ও সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ রয়েছে।
এ ছাড়া এই তালিকায় আরও রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগোইর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ; লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ; চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডা. এম. শামসুল হক মডেল কলেজ এবং ফেনী সদর উপজেলার বেগম শামসুন নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—লক্ষ্মীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ ও প্রফেসর সেকান্দার আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল; নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আপার মডেল কলেজ; লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ; কমলনগর উপজেলার ফজুমিয়ার হাট হাই স্কুল অ্যান্ড কলেজ; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগন স্কুল অ্যান্ড কলেজ এবং ফেনী সদর উপজেলার বেকন মডেল কলেজ।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। বোর্ডে অংশ নেওয়া মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। এদের মধ্যে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৩১৩ জন পরীক্ষার্থী।

মাহফুজ নান্টু, কুমিল্লা