যে বছরে ঈদ হবে ৩টি, বিরল ঘটনার সাক্ষী হবে বিশ্ব
বিরল ও ঐতিহাসিক এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মুসলিম বিশ্ব। মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে আগামী ২০৩৯ সালে মুসলিমরা তিনটি ঈদ উদযাপন করবেন। সৌদি আরবের প্রখ্যাত জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ এই তথ্য নিশ্চিত করেছেন। সাধারণত হিজরি ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারের চেয়ে প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। খবর গালফ নিউজের।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০৩৯ সালের শুরুতেই অর্থাৎ ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা (১০ জিলহজ ১৪৬০ হিজরি) উদযাপিত হবে। ইংরেজি বছরের ১২ মাস পূর্ণ হওয়ার আগেই চন্দ্র ক্যালেন্ডার তার চক্র সম্পন্ন করবে। একই বছরের ২৬ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা (১০ জিলহজ ১৪৬১ হিজরি) অনুষ্ঠিত হবে। এর অর্থ হলো, ২০৩৯ সালে একই পঞ্জিকাবর্ষে দুইবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা দুইবার আরাফাতের ময়দানে সমবেত হওয়ার সুযোগ পাবেন।
এই দুই কোরবানির ঈদের মাঝখানে ১৯ অক্টোবর উদযাপিত হবে ঈদুল ফিতর। ফলে ২০৩৯ সালটি হবে উৎসব ও ইবাদতের একটি অনন্য বছর। যেখানে একই সঙ্গে দুটি জিলহজ ও একটি রমজান মাস পূর্ণ হবে। হিজরি ও গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের এই মিলন প্রতি ৩৩ বছর অন্তর এমন পরিস্থিতির জন্ম দেয়।
ড. আল মিসনাদ আরও জানান, এই পরিবর্তনের ধারা কেবল ২০৩৯ সালেই সীমাবদ্ধ নয়। এর আগে ২০৩০ সালেও মুসলমানরা একই ইংরেজি বছরে দুইবার পবিত্র রমজান মাস পালন করবেন। ২০৩০ সালের জানুয়ারি মাসে একবার ও ডিসেম্বর মাসে দ্বিতীয়বার রমজান শুরু হবে। এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে এমন ‘দুই রমজান’ দেখেছিল বিশ্ব। মূলত হিজরি ক্যালেন্ডার ৩৫৪ বা ৩৫৫ দিনের এবং গ্রেগোরিয়ান ক্যালেন্ডার ৩৬৫ বা ৩৬৬ দিনের হওয়ায় প্রতি বছর ১০ থেকে ১১ দিনের এই ব্যবধান তৈরি হয়।

এনটিভি অনলাইন ডেস্ক