গোর-এ-শহীদ ময়দানে কঠোর নিরাপত্তায় হবে দেশের বৃহত্তম ঈদ জামাত
দেশের বৃহত্তম ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান। আজ শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় এই বিশাল ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।
প্রায় ২২ একর আয়তনের এই বিশাল ময়দানে যেন মুসল্লিরা নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন, সেজন্য জেলা প্রশাসন ও পৌরসভার তত্ত্বাবধানে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাংগীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন।
বৃহত্তম এই জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুরো ময়দান পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়েছে বিশেষ ওয়াচ টাওয়ার। এছাড়া মাঠের চারপাশের রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে এবং যানবাহন রাখার জন্য আলাদা গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।
দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট এমনকি ঢাকা থেকেও মুসল্লিরা এই জামাতে অংশ নিতে আসেন। আগতদের সুবিধার্থে থাকছে- পর্যাপ্ত ওজুর ব্যবস্থা ও খাবার পানি সরবরাহ। জরুরি প্রয়োজনে নিয়োজিত থাকবে মেডিকেল টিম। পুরো ময়দান জুড়ে ১৪৫টি শক্তিশালী মাইক স্থাপন করা হয়েছে। সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ ব্যবস্থাও এখানে রাখা হয়েছে।
জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এই মাঠে সংসদ সদস্য সৈয়দ জাহাংগীর আলম, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের কয়েক লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। তিন স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সকল সংস্থা একযোগে কাজ করছে।

ফারুক হোসেন, দিনাজপুর