তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ভোরে পার্বতীপুর পৌর শহরের জাহানারাবাদ কেরুরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান পৌর শহরের ইব্রাহিম নগর এলাকার বাবু হোসেনের ছেলে।
পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায় জানান, ভোরে কয়েকজন ব্যক্তি পৌরসভার নয়াপাড়া এলাকায় বিদ্যুতের সংযোগী তার চুরি করার উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরিস্থিতি বেগতিক দেখে সাথে থাকা অন্য সহযোগীরা তাকে ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সকালে স্থানীয় পথচারীরা পাশের একটি ধানক্ষেতে সাইদুর রহমানের নিথর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত সাইদুর রহমান নেশাগ্রস্ত ছিলেন। দীর্ঘদিন বিভিন্ন চুরির ঘটনায় জড়িত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)