বান্দরবানে জিপ খাদে পড়ে ২ পর্যটকের মৃত্যু
বান্দরবানের থানচি উপজেলার তীন্দু সড়কে পর্যটকবাহী জিপ খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে কক্সবাজারের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে বিজিবি। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জিপগাড়ি ভাড়া নিয়ে উপজেলার তীন্দু বড়পাথর পর্যটন স্পটে ভ্রমণে যায় কক্সবাজারের কুটাখালী থেকে আসা পর্যটকের একটি দল। গাড়িটি ঢালু রাস্তা দিয়ে তীন্দু যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই পর্যটকের মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরও সাতজন আহত হয়।
খবর পেয়ে বিজিবি ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উদ্ধারের পর গাড়িতে করে বিজিবি কক্সবাজারের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠিয়েছে। গাড়িটিতে সাতজন পর্যটক এবং চালক ও হেলপারসহ নয়জন ছিল বলে জানিয়েছেন পরিবহণ শ্রমিক মো. বেলাল। তবে হতাহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভ্রমণকারী পর্যটকরা কক্সবাজারের চকরিয়া উপজেলার কুটাখালী ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পরিবহণ শ্রমিকরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পর্যটকবাহী জিপে সাতজন পর্যটক ছিল। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান