নেত্রকোনায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ সময় এক নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর লাহিড়ীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে। এ দুর্ঘটনায় নিহত শাহীনের স্ত্রী তুহিন (২৯) ও মেয়ে মুমু (৭) আহত হন। এ ছাড়া অপর মোটরসাইকেলে থাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো. ওয়াশিদ (৩৫) ও তার স্ত্রীও গুরুতর আহত হন।
স্থানীয়রা জানায়, আহত চারজনের মধ্যে ওয়াশিদ ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর লাহিড়ীবাড়ি মোড়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে ও এক নারীসহ চারজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত নারী অবস্থাও গুরুতর। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
ওসি বলেন, নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভজন দাস, নেত্রকোনা