সন্তান রেখে স্ত্রী উধাও, প্রবাসী স্বামীর সৌদিতে দুধ দিয়ে গোসল
দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ৬ বছরের সন্তান রেখে অন্য যুবকের সঙ্গে চলে গেছেন স্ত্রী। নিয়ে গেছেন তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার। এ খবরে পেয়ে সৌদি আরবে দুধ দিয়ে গোসল করেছেন জামালপুরের প্রবাসী স্বামী আজিজ আকন্দ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে দুধ দিয়ে গোসল করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে আজিজ আকন্দকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম স্ত্রীকে, ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে, আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দিব।’
খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। প্রায় নয় বছর আগে সান্ত্বনা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে ছয় বছরের একটি মেয়েসন্তান রয়েছে।
আজিজের অভিযোগ, গত বুধবার বিকেলে শিশুকন্যাকে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন তাঁর স্ত্রী। এ সময় তিনি তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন।
ভিডিওতে আজিজকে আরও বলতে শোনা যায়, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে।’
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজিজের পরিবারের লোকজন।
অভিযোগের বিষয়ে জানতে সান্ত্বনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের বক্তব্য জানতে বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, প্রবাসী আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)