আরও বাড়ল জ্বালানি তেলের দাম
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার ‘রাস তানুরায়’ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবির পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার নতুন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দর ফের ঊর্ধ্বমুখী হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
বাজারের হালনাগাদ তথ্যে দেখা গেছে, আজ সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্র্যান্ড ক্রুডের’ দাম প্রতি ব্যারেলে ১.৪৮ ডলার বা ১.৩ শতাংশ বেড়ে ১১৫.৩৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের’ দর প্রতি ব্যারেলে ১.২২ ডলার বা ১.২২ শতাংশ বেড়ে ১০১.১২ ডলারে বেচাকেনা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলোচনার খবরে সরবরাহ ঝুঁকি কমার প্রত্যাশায় তেলের দাম ব্যারেলে প্রায় ২ ডলার কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের সমাপনী মূল্য ছিল ১১৩.৮৮ ডলার এবং ডব্লিউটিআইএর সমাপনী মূল্য ছিল ৯৯.৯০ ডলার। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার দাবি করে, তারা সৌদি আরবের দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতাসম্পন্ন রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সৌদির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ রাস তানুরা শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
রাস তানুরা হলো বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানি টার্মিনাল ও শোধনাগার কেন্দ্র। বিশ্ববাজারে তেল সরবরাহের ক্ষেত্রে এই কেন্দ্রটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সেখানে হামলার খবরে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক