জ্বালানি তেলের দামে রেকর্ড পতন
যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগের দিন বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ৬ শতাংশেরও বেশি বড় দরপতন ঘটেছে। তেহরান ও ওয়াশিংটন পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত- এমন সংকেতে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের আশা জেগে ওঠায় বাজারে এই প্রভাব পড়েছে। খবর এএফপির।
সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য নতুন আলোচনার বিষয়ে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মহসিন রেজাইয়ের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বিগত কয়েক মাসের মধ্যে এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক পদক্ষেপ।
ইতিমধ্যে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি সব ফ্রন্টে যুদ্ধ বন্ধসহ সংঘাত সম্পর্কিত অন্যান্য শর্তাবলিতে সম্মত হয়, তবে তারা দুই দিনের মধ্যে ‘হরমুজ প্রণালি’ পুনর্নিযুক্ত ও চলাচলের জন্য খুলে দিতে প্রস্তুত।
পরবর্তীতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সরকারকে বিশেষ ক্ষমতার এখতিয়ার দিয়েছেন।
তেলের দরপতনের সঙ্গে সঙ্গে এনার্জি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমেছে। তবে জ্বালানি খরচ কমায় অন্যান্য অনেক খাতে ইতিবাচক প্রভাব দেখা গেছে। সোমবার (২ নভেম্বর) ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ৬০ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ৬ দশমিক ৪ শতাংশ কমে ৯৭ দশমিক ৪৯ ডলারে নেমে আসে।
মঙ্গলবারের (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনের দিকে এখন পুরো বিশ্বের নজর। এই নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের আংশিক নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করছে, যা গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাজনৈতিক বিধিনিষেধ আরোপ করতে পারে। এমন পরিস্থিতি ট্রাম্পকে এক অস্বস্তিকর মেয়াদের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক