বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে লঘুচাপের ইঙ্গিত
দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের আবহ তৈরির মধ্যেই নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) জন্য প্রকাশিত আবহাওয়া বার্তায় বার্তাটি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যেই বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও সম্পূর্ণ বিদায় নিতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।
প্রথম দিন (৭ অক্টোবর) : রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দ্বিতীয় দিন (৮ অক্টোবর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তৃতীয় দিন (৯ অক্টোবর) : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চতুর্থ দিন (১০ অক্টোবর) : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন (১১ অক্টোবর) : চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক