হাকিমপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সকালে ভুক্তভোগীর মা হাকিমপুর থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর উপজেলার পালপাড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে তার মেয়ে পাওনা টাকা চাইতে যায়। এসময় রুহুল আমিন, শুকুর আলী ও ফেরদৌস হোসেন তার মেয়েকে আটক রেখে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় আসামিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ওই বাড়ি থেকে রুহুল আমিন ও শুকুর আলীকে আটক করে।
খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয় এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে। ভুক্তভোগীর মায়ের এজাহারের ভিত্তিতে থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।
মামলার পর রুহুল আমিন ও শুকুর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর এক আসামি ফেরদৌস মিয়া পলাতক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় রোববার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জাহিদুল ইসলাম, হিলি