অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলেই এক লাখ রিয়াল জরিমানা
সৌদি আরবে ভিজিট ভিসায় গিয়ে অবৈধভাবে হজ পালনের উদ্দেশ্যে আসা ব্যক্তিদের আশ্রয় দিলে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানার বিধান রেখে কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমে হাজিদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন কিংবা অন্য কোনো স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেন, তবে তাদের ওপর এই বড় অংকের জরিমানা আরোপ করা হবে। একই সঙ্গে যারা প্রয়োজনীয় অনুমতি ছাড়া কাউকে মক্কা বা অন্যান্য পবিত্র স্থানে লুকিয়ে থাকতে সহযোগিতা করবেন, তারাও সমপরিমাণ জরিমানার আওতায় পড়বেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই আদেশ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও সতর্ক করা হয়েছে যে, অপরাধে জড়িত ব্যক্তির সংখ্যার ওপর ভিত্তি করে এই জরিমানার পরিমাণ কয়েক গুণ পর্যন্ত বাড়তে পারে।
প্রতি বছরই অনেক বিদেশি নাগরিক দর্শনার্থী ভিসায় হজের চেষ্টা করেন এবং এ কারণে সৌদি সরকার কয়েকশ হজযাত্রীকে নিজ দেশে ফেরত পাঠাতে বাধ্য হয়। হজের নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে এবং অননুমোদিত হজযাত্রীদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়েছে।

কামাল পারভেজ অভি, মক্কা