নড়াইলে দুই ক্লিনিককে লাখ টাকা জরিমানা
নড়াইল জেলার কালিয়া পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ক্লিনিকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে কালিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিবুর রহমান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিদর্শনকালে ক্লিনিকগুলোতে রোগী ভর্তি থাকতে দেখা গেলেও কোনো চিকিৎসক বা নার্সের উপস্থিতি পাওয়া যায়নি। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করা এবং অস্ত্রোপচারের সময় কোন চিকিৎসক অ্যানেস্থেসিয়া দেন- তার কোনো তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উভয় ক্লিনিকের মালিক জরিমানার অর্থ পরিশোধ করে চালান স্লিপ গ্রহণ করেন।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস ক্লিনিক মালিকদের উদ্দেশে বলেন, আপনাদের যে ত্রুটি বা সমস্যাগুলো রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করে স্বাস্থ্যসেবার এই মহৎ কার্যক্রম পরিচালনা করবেন।

এম. মুনীর চৌধুরী, নড়াইল