অবৈধ ড্রেজিংয়ের দায়ে লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বলধারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান।
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার জানান, বলধারা এলাকার হাজি আব্দুল জলিল একটি পুকুর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। এতে আশপাশের কৃষিজমি ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অবৈধভাবে ড্রেজিংয়ের অপরাধে হাজি আব্দুল জলিলকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি সেলু মেশিন, দুটি পাম্প, দুটি চেসিস, ২৩টি ড্রাম এবং প্রায় ৮০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।
হাবেল উদ্দিন খান বলেন, ‘ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।’

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ