সৌদিআরবে ১৬ হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। যাদের মধ্যে মক্কায় ১২ জন ও মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে সৌদিআরবের মক্কা ও মদিনায় পৌঁছান তারা।
আজ রোববার (১৭ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দিনগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন। এ ছাড়াও সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৪টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ২০ হাজার ৮০ জন হজযাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার মক্কার এনএম মনিরুল হক (৪৪) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার তেজগাঁওয়ের বাসিন্দা। এ নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। যাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।

কামাল পারভেজ অভি, মক্কা