এক সপ্তাহে বেড়েছে ৮১ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে পার করল গত সপ্তাহ (৭ থেকে ১১ ডিসেম্বর)। সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন বেড়েছে। ডিএসইতে মূলধনও বেড়েছে। সপ্তাহটিতে উত্থান হয়েছে ৮১ শতাংশ কোম্পানির শেয়ারের দর।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আগের সপ্তাহ (৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর) থেকে বিদায়ী সপ্তাহে লেনদেন পরিমাণ বেড়েছে ৩০ কোটি ৬৯ লাখ টাকা বা এক দশমিক ৪৯ শতাংশ। আর ডিএসইতে মূলধনের পরিমাণ বেড়েছে এক হাজার ৬০৬ কোটি ১৯ লাখ টাকা বা শূন্য দশমিক ২৩ শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে দুই হাজার ৮৮ কোটি ৪০ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল দুই হাজার ৫৭ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকা। আলোচিত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪১৭ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। গত বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি ২২ লাখ ১০ হাজার টাকায়। আগের সপ্তাহের ৪ ডিসেম্বর এই মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৭৬০ কোটি দুই লাখ ৩০ টাকায়। গেল সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৩৩টির বা ৮০ দশমিক ৬৩ শতাংশ, দর কমেছে ২২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির। লেনদেন হয়নি ২২টি কোম্পানির শেয়ার।
এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৭ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৬৩ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসই৩০ সূচক ১১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯০৩ দশমিক ২৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৩৪ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া ডিএসএমইএক্স সূচক ৫৫ দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৮৩ দশমিক ৮৮ পয়েন্টে।

নিজস্ব প্রতিবেদক