ডিএসইতে ৮৯ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২০৯ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন বেড়ে এদিন ৮৮৫ কোটি টাকায় চলে এসেছে।
গতকাল সোমবারের তুলনায় আজ মূলধনের পরিমাণ বেড়েছে। অন্যদিকে সূচক কমলেও লেনদেন বেড়েছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এদিন সিএসইতে কমেছে মূলধন পরিমান। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭১ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আজ মঙ্গলবার লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ২০৮ দশমিক ৯৮ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩২৫ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ৩৬ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬৩ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৮৫ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৫০ দশমিক ১২ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১৪ হাজার ৪৭১ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ ১৪ হাজার ২০০ কোটি ৩৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৯টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটার ৩১ কোটি ৮৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩০ কোটি ৩০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৩ কোটি ৯৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২০ কোটি ৫২ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ১৯ কোটি ২১ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে নর্দান জুটের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ১৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৪৭ শতাংশ।
অপরদিকে সিএসইতে এদিন লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআইয়ের পতন হয় ৪১৪ দশমিক ১৯ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় ১৫ হাজার ৮৫ দশমিক ৮৪ পয়েন্টে। এদিন সিএসই৫০ সূচক ৪০ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৫৫ দশমিক শূন্য আট পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৪৭৮ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ৪৭০ দশমিক ৯২ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ২৬৯ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৯ হাজার ২২৮ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক ২৫ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৯০১ দশমিক ২৭৮ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। আজ সিএসইতে মূলধন দাঁড়িয়েছে ৯ লাখ পাঁচ হাজার ৩৫৭ কোটি ৫০ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ৯ লাখ ১৪ হাজার ৩০৬ কোটি ৭৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৩টির ও শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।
এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ব্যাংকের আট কোটি ৮৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ছয় কোটি ৯৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৮৭ লাখ টাকা, রবি আজিয়াটার ৭৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৭০ লাখ টাকা এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিআইএফসির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক