উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গতকাল সোমবারের (২০ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে এদিন ৯২৯ কোটি টাকায় চলে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর দুই মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ১৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি বাড়ে। লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩৪ পয়েন্ট। পরে উত্থান গতি কমে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের উত্থান হয়েছে ২৪ দশমিক ৯২ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৫৭ দশমিক ৪১ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক দুই দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৬২ দশমিক ৬৫ পয়েন্টে। এছাড়া ডিএস ৩০ সূচক চার দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৮৪ দশমিক ১৮ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৩ হাজার ৫৯৭ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮১ হাজার ৬২২ কোটি ৪৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১০৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ২৩ কোটি ৪৪ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ২২ কোটি দুই লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২০ কোটি ৮২ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ২০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৬৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক