ডিএসইতে দুই খাতে লেনদেন ২৯ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে সাধারন বিমা খাত। দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ২৮ দশমিক ৯৬ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে চার হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৮৭৯ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ব্যাংক ও সাধারন বিমা এই দুই খাতের ৭৯টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ২৭২ কোটি ৬৫ লাখ টাকা। বাকি ১৯টি খাতের ৩৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে তিন হাজার ১২৪ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা।
শীর্ষ অবস্থানে থাকা ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ৬৮৬ কোটি এক লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ১৩৭ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৬১ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা সাধারন বিমা খাতের ৪২টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৫৮৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১৩ দশমিক ৩৫ শতাংশ। লেনদেনে তৃতীয় অবস্থানে থাকা প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ শতাংশ।
অন্যান্য খাতের মধ্যে বস্ত্র খাতে ১১ দশমিক ৮৪ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১০ দশমিক ৮২ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে সাত দশমিক ৫৪ শতাংশ, সিরামিক খাতে চার দশমিক ৫৩ শতাংশ, বিবিধ খাতে চার দশমিক ২২ শতাংশ, আইটি খাতে তিন দশমিক ৮৯ শতাংশ, জীবন বিমা খাতে দুই দশমিক ৭৫ শতাংশ, জ্বালান ও শক্তি খাতে দুই দশমিক ৬৭ শতাংশ, চামড়া খাতে দুই দশমিক ৪৩ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড খাতে দুই দশমিক ২৯ শতাংশ লেনদেন হয়েছে।
বাকি খাতগুলোর মধ্যে পেপার ও প্রিন্টিং খাতে এক দশমিক ৭৫ শতাংশ, সেবা আবাসন খাতে এক দশমিক ৪০ শতাংশ, টেলিকম খাতে শূন্য দশমিক ৮১ শতাংশ, নন-ব্যাংকিং আর্থিক খাতে শূন্য দশমিক ৭৮ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৫৭ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৩৭ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ২৬ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য আট শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক