প্রধান সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (২৯ জুন) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে তিন পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৮৭৪ কোটি টাকা। লেনদেন কমে এদিন এক হাজার ৩৫১ কোটি টাকার ঘরে চলে এসেছে।
আজ সোমবার লেনদেনের শুরুতে সূচক ডিএসইএক্স উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান আরও বাড়ে। লেনদেন শুরুর ৫৪ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে দুই দশমিক ৭৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৭২২ দশমিক ৫৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক তিন দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ১৬৬ দশমিক ৫৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৫৬ দশমিক ৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৩৫১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৩৭১ কোটি তিন লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৯৭ হাজার ৬৮৩ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৯৬ হাজার ৮০৯ কোটি ৩৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৫৮টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
আজ সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৭২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ৬২ কোটি ৩১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৪২ কোটি ৬৯ লাখ টাকা, এনসিসি ব্যাংকের ৩০ কোটি ১৯ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২৯ কোটি ৮০ লাখ টাকা এবং বিডি থাইয়ের ২৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পিপলস লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৬৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৭৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক