অল্পতেই গুটিয়ে গেল মুস্তাফিজদের রংপুর
ব্যাট হাতে বরাবরের মতো ব্যর্থ রংপুর রেঞ্জার্সের ব্যাটসম্যানরা। একমাত্র আশার প্রদীপ হয়ে রানের দেখা পান মোহাম্মদ নাঈম। কিন্তু রানআউটের শিকার হয়ে দলকে বেশিদূর নিতে পারলেন না। তাই চলমান বিপিএলের চতুর্থ ম্যাচেও বড় সংগ্রহের ভিত গড়তে পারেনি তারা। আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের সামনে ১৩৭ রানেই গুটিয়ে গেল মোহাম্মদ নবির দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুর রেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠান খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে এবারও ব্যর্থ রংপুরের ব্যাটিং লাইনআপ। আগের দিন ৬১ রানে দলের ভিত গড়ে দেওয়া মোহাম্মদ শেহজাদ আজ ফিরে গেলেন ৭ বলে ১১ রান করে। তৃতীয় ওভারে ভাঙে ২০ রানের ওপেনিং জুটি।
তিন নম্বরে ব্যাট করতে নামা ডেলপোর্টও টিকলেন না। ৪ রানে তাঁকে বিদায় করেন শফিউল ইসলাম। সপ্তম ওভারে নাদিফ চৌধুরীকেও ফিরিয়ে দেন শফিউল। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি নাদিফ।
এরপর ফজলে রাব্বিকে নিয়ে জুটি বাঁধেন মোহাম্মদ নাঈম। নিজেও এগিয়ে যাচ্ছিলেন হাফসেঞ্চুরির পথে। কিন্তু ১২তম ওভারে রানআউট হয়ে হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থেকে সাজঘরে ফেরেন নাঈম। ৩২ বলে তাঁর ৪৯ রানের ইনিংসটি সাজানো ছিল পাঁচ বাউন্ডারি ও দুই ছক্কা দিয়ে। নাঈমের পর আউট হন ফজলে মাহমুদও। পরপর উইকেট হারানোর চাপ নিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৩৭ রানে থামে রংপুর রেঞ্জার্স।
খুলনার পক্ষে বল হাতে চার ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শফিউল। সমান দুটি করে নিয়েছেন মোহাম্মদ আমির ও শহিদুল।

স্পোর্টস ডেস্ক