কে হচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ?
গত বছর জুলাইতে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর সঙ্গে চুক্তি ছিল এবছর অক্টোবর পর্যন্ত। কিন্তু তার আগেই বিসিবির চাকরি ছেড়ে চলে গেছেন তিনি।
ল্যাঙ্গাভেল্টের স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শোনা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাবেক প্রধান কোচ ওটিস গিবসন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হতে পারেন। দুটি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা এই ক্যারিবীয় পেসার ইংল্যান্ড জাতীয় দলেরও বোলিং কোচ ছিলেন।
তিনি এখন চলমান বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের কোচের দায়িত্বে। বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব প্রসঙ্গে গিবসন বলেন, ‘আমি জানতাম, প্রশ্নটি আসবে। আলোচনা চলছে, আমি অস্বীকার করব না। তবে চূড়ান্ত কিছু হওয়া এখনো অনেক অনেক দূর। যদি এখানে কাজ করার সুযোগ পাই, আমি অবশ্যই দায়িত্ব নিতে চাই।’
এদিকে নিজের দেশে কাজের সুযোগ পেয়েই বিসিবির চাকরি ছেড়ে দিয়েছেন ল্যাঙ্গাভেল্ট। ক্রিকেটার হিসেবে ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ল্যাঙ্গাভেল্ট একটা সময় দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নিয়মিত মুখ ছিলেন। টেস্ট খেলতে পেরেছেন কেবল ৬টি, উইকেট ১৬টি। ৯ টি-টোয়েন্টিতে উইকেট ১৭টি। আর ৭২ ওয়ানডেতে উইকেটে ১০০টি।
২০১০ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার পর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোয় খেলেছেন ল্যাঙ্গাভেল্ট। পরে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বোলিং কোচ।

স্পোর্টস ডেস্ক