ইংল্যান্ডের নতুন কোচ বেইলিস
ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন কোচের দায়িত্ব পেয়েছেন ট্রেভর বেইলিস। তিনি প্রথম কোনো অস্ট্রেলিয়ান কোচ, যিনি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ঘোষণা দিয়েছে।
৫২ বছর বয়সী বেইলিস স্থলাভিষিক্ত হয়েছেন পিটার মুরসের। ব্যর্থতার দায়ে গত মাসে বরখাস্ত করা হয় মুরসকে।
ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছেন, ‘কোচ হিসেবে ট্রেভরের গ্লোবাল অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তা ছাড়া ঘরোয়া এবং আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। একটা দল গোছানোর ক্ষেত্রে তাঁর দক্ষতাও বেশ ভালো। তাই তাঁকে কোচের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
ইংল্যান্ড কোচের দায়িত্ব পেয়ে খুবই খুশি বেইলিস বলেন, ‘ইংল্যান্ড কোচের দায়িত্ব পাওয়াটা অনেক সম্মানের। দলকে ধারাবাহিক সাফল্য এনে দিতে আমি সাধ্যের সেরাটা দিয়ে চেষ্টা করব।’
বেইলিস ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ ছিলেন। এ ছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল নিউ সাউথ ওয়েলস এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সেরও কোচ ছিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক