ভালো অবস্থানে নিউজিল্যান্ড
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডও করেছে ঠিক ৩৫০ রান। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে বিজে ওয়াটলিংয়ের পঞ্চম শতকের সুবাদে অবশ্য শক্ত অবস্থান তৈরি করেছে নিউজিল্যান্ড। ছয় উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করে শেষ করেছে তৃতীয় দিনের খেলা। ১০০ রান করে অপরাজিত আছেন ওয়াটলিং।
৫ উইকেটে ২৫৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। বাকি পাঁচটি উইকেট তুলে নিতে খুব বেশি কষ্ট করতে হয়নি নিউজিল্যান্ডকে। ২১ ওভার বোলিং করেই ৩৫০ রানের মধ্যে গুটিয়ে দিয়েছে স্বাগতিকদের। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন স্টুয়ার্ট ব্রড।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা অবশ্য ভালো হয়নি। মাত্র ২৩ রানের মধ্যেই হারিয়েছিল টম লাথাম ও কেইন উইলিয়ামসনের উইকেট। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছিলেন মার্টিন গাপটিল ও রস টেলর। নিউজিল্যান্ডকে অবশ্য শক্ত অবস্থানে নিয়ে গেছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও ওয়াটলিং। পঞ্চম উইকেটে তাঁরা গড়েছিলেন ১২১ রানের জুটি। ম্যাককালাম ৫৫ রান করে আউট হয়ে গেলেও ওয়াটলিং অপরাজিত আছেন ১০০ রান করে।

স্পোর্টস ডেস্ক