সাত ব্যাটসম্যান খেলানোর পক্ষে ফারুক
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উইকেট নিয়ে বেশ চিন্তিত বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মুশফিকুর রহিম। যদিও প্রধান নির্বাচক ফারুক আহমেদের বিশ্বাস, ফতুল্লার উইকেট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তাই ভারতের বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে সাতজন ব্যাটসম্যান খেলানোর পক্ষে মত দিয়েছেন তিনি।
মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে ফারুক সাংবাদিকদের বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক বলে মনে হচ্ছে। এমন উইকেটে আমাদের পক্ষে ভালো করা সম্ভব। এই টেস্টে সাতজন স্পেশালিস্ট ব্যাটসম্যান ও চারজন বোলার রেখে একাদশ সাজানো উচিত। এখানে আমি সাকিব আল হাসানকে সাত ব্যাটসম্যানের মধ্যে রাখতে চাই।’
একজন ব্যাটসম্যান বেশি রাখলে তেমন লাভ হবে না বলেই মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক, ‘এমন উইকেটে আটজন ব্যাটসম্যান দলে রাখলে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। তা ছাড়া আট ব্যাটসম্যান নিয়ে খেলে টেস্ট ড্র করার উদাহরণও নেই আমাদের। বরং একজন বোলার বেশি খেললেই দলের জন্য মঙ্গল।’

ক্রীড়া প্রতিবেদক